৩৩তম দামোদর মেলা শুরু হচ্ছে ৭ ডিসেম্বর

অভিজিৎ হাজরা, নতুন পয়গাম, হাওড়াঃ
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রগতি’-র উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর থেকে রসপুর হাই স্কুল মাঠে শুরু হতে চলেছে ৩৩তম দামোদর মেলা। ১৯৯২ সাল থেকে নিয়মিত আয়োজিত এই মেলা জেলার একটি প্রধান সাংস্কৃতিক ও সামাজিক মিলনক্ষেত্র হিসেবে পরিচিত।
সংগঠনের সম্পাদক তপন মণ্ডল জানান, দামোদর নদ তীরবর্তী এই মেলা ধর্মীয় অনুষ্ঠান নয়। লোকসংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য, শিল্প-কৃষি প্রদর্শনী ও সামাজিক সম্প্রীতি রক্ষাই এর মূল উদ্দেশ্য। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণে মেলাটি সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে।
এবছরের মেলার প্রতিপাদ্য ‘আমার সোনার বাংলা’। প্রধান সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর নামে, যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মেলা প্রাঙ্গণে ২৮টি প্রদর্শনী মণ্ডপ তৈরি করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে বিভিন্ন সবজির নামে। সেখানে হস্তশিল্প, মৃৎশিল্প, স্বাস্থ্যপরামর্শ ও যোগশিক্ষার স্টল থাকবে। এছাড়া খেলনা, বাঁশ-বেতের কাজ, সিরামিক ও খাবারের অসংখ্য স্টল বসবে। প্রবেশপথে ‘মৌমিতা দেবনাথ স্মৃতি তোরণ’ নির্মাণ করা হয়েছে।
সপ্তাহজুড়ে মেলায় বাউল, ছৌ, রায়বেঁশে, লোকনৃত্য, নাটক, ইন্দ্রজাল, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। অগ্রগতির সদস্য এবং স্থানীয় শিক্ষার্থী-শিক্ষকদের সহযোগিতায় ইতিমধ্যেই মণ্ডপ নির্মাণ ও প্রস্তুতি কাজ চলছে। আমতা অঞ্চলসহ জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম আশা করছেন আয়োজকরা।


























































































































