সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর

জুলফিকার আলি,সংবাদদাতা, মালদা: দীর্ঘদিন ধরে বিচার চেয়ে প্রশাসনিক দ্বারে দ্বারে ঘুরে অবশেষে স্বস্তি পেলেন মালদার ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার বাসিন্দা, বয়োবৃদ্ধা মণিকা চক্রবর্তী। জালিয়াতি করে আত্মীয়ের কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন জেলা তৃণমূলের পরিচিত মুখ তথা ‘মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। অভিযুক্তকে গ্রেপ্তারের পর মালদা জেলা পুলিশ বিষয়টি নিয়ে কঠোর তদন্ত শুরু করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রথবাড়ি, ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এবং পুরাতন মালদার রশিলাদহ এলাকার কয়েকটি মূল্যবান সম্পত্তিকে কেন্দ্র করে। অভিযোগকারী মণিকা চক্রবর্তীর দাবি, তাঁর মামা প্রয়াত নারায়ণচন্দ্র চৌধুরী সারা জীবন অবিবাহিত ছিলেন এবং বিপুল সম্পত্তির মালিক ছিলেন। অভিযোগ, শাসকদলের প্রভাব খাঁটিয়ে কৃষ্ণেন্দু চৌধুরী ভুয়া নথিপত্র তৈরি করেন। এমনকি সরকারি খাতায় নিজের বাবা অবিনাশ চৌধুরী এবং জমির আসল মালিক নারায়ণচন্দ্র চৌধুরীকে ‘একই ব্যক্তি’ হিসেবে জালিয়াতি করে দেখান তিনি। জালিয়াতির চরম সীমায় গিয়ে নারায়ণচন্দ্র চৌধুরীকে নিজের বাবা বলেও দাবি করেন কৃষ্ণেন্দু, অথচ পরিবারের কথায় নারায়ণবাবু কখনোই বিবাহবন্ধনে আবদ্ধ হননি।
অভিযোগ উঠেছে, একইভাবে রথবাড়ির একটি লজ ও রশিলাদহের সম্পত্তিও নিজের নামে লিখিয়ে নেন অভিযুক্ত নেতা। এই বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ জানালে মামলা তুলে নেওয়ার জন্য মণিকা চক্রবর্তী ও তাঁর পরিবারকে বারবার হুমকি ও চাপ দেওয়া হতে থাকে। তৎকালীন সময়ে একাধিকবার লিখিত অভিযোগ জানালেও রাজনৈতিক প্রভাবেই পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ মণিকা দেবীর। সম্প্রতি প্রশাসনে ও রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনিক সংস্কারের পরেই নতুন করে তদন্ত শুরু করে মালদা জেলা পুলিশ। নথিপত্র খতিয়ে দেখার পর জালিয়াতির সত্যতা নিশ্চিত হতেই গ্রেপ্তার করা হয় কৃষ্ণেন্দু চৌধুরীকে।
বহু বছর পর পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী মণিকা চক্রবর্তী। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “এতদিন ক্ষমতার দাপটে আমাদের ওপর অত্যাচার চালানো হয়েছে। অবশেষে পুলিশ যে আইনি ব্যবস্থা নিয়েছে, তাতে আমরা ন্যায়ের আলো দেখতে পাচ্ছি।”
এদিকে শাসকদলের নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে গিয়ে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “যে বা যারাই অপরাধ করবে, আইনের শাসনে তাদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। কৃষ্ণেন্দু চৌধুরীর ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে।”
অন্যদিকে, বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখে তৃণমূল কংগ্রেসের জেলা নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, “পুরোনো সময়ে পুলিশ কেন পদক্ষেপ নেয়নি, সেটা পুলিশের অভ্যন্তরীণ বিষয়। দল কখনোই কোনো ব্যক্তির বেআইনি কর্মকাণ্ডকে সমর্থন করে না। আইনশৃঙ্খলা মেনে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, এতে কোনো রাজনৈতিক রং দেখা উচিত নয়।”
পুলিশ জানিয়েছে, ধৃতকে আদালতে তুলে



















































































































