আজ কোয়ার্টারের মহারণ!

জামশেদপুরের মুখোমুখি মোহনবাগান,আব্দুল রাহাজ – কলকাতা:ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তৃতীয় কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে সবুজ-মেরুন।
গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল মোহনবাগানকে। সেই স্মৃতি ভুলে এবার সেমিফাইনালে জায়গা পাকাপাকি করাই লক্ষ্য সাহাল আব্দুল সামাদ, মনবীর সিংদের।
তবে ছাড়ার পাত্র নয় জামশেদপুরও। গ্রুপ পর্বে একটি ম্যাচ হারলেও পরপর দুটি ম্যাচে বড় ব্যবধানে জিতে জয়ের ছন্দে রয়েছে তারাও। ফলে ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য।
ডুরান্ড কাপে এ পর্যন্ত দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। সেখানে এগিয়ে রয়েছে মোহনবাগান। ঘরের মাঠে সমর্থকদের সামনে জয় ছিনিয়ে সেমিতে যেতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে বড় দলকে হারিয়ে শিরোপার দিকে এগোতে চায় জামশেদপুর।
এবারের আসরে আগেই একাধিক অঘটন দেখেছে দর্শক। তাই নকআউটের এই ম্যাচে দুই দলই প্রাণপণ লড়াই করবে সেমিফাইনালের টিকিটের জন্য।



















































































































