বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম

দৈনিক জনকণ্ঠ, অসিম আক্রাম, সামশেরগঞ্জ: বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করলেন সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম। রবিবার বিকেলে দোগাছি ও ভাসাইপাইকড় অঞ্চলে প্রায় ১,০০০ পরিবারের হাতে ত্রিপল বিতরণ করেন তিনি।
বিধায়ক নুর আলম জানান, “ভোটের সময় সাধারণ মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করতেই এই উদ্যোগ। আগামী তিন-চার দিনে যেসব এলাকায় ত্রিপলের প্রয়োজন রয়েছে, সেখানে পর্যায়ক্রমে প্রায় ৪,০০০টি ত্রিপল বিতরণ করা হবে। “ত্রিপল বিতরণের পাশাপাশি এদিন দুই জন শারীরিকভাবে সক্ষমতাহীন ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দেন বিধায়ক। এছাড়া মোহাম্মদ ফারুক নামে এক ব্যক্তিকে ট্রাইসাইকেল ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস, বিশিষ্ট সমাজকর্মী শ্যামল কুমার সাহা, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মুসলেউদ্দিন শেখ, মোহাম্মদ এমতাদুল শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য ও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বর্ষার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।























































































































