বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের

নিজস্ব প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ: বিদেশের মাটিতে রাজকীয় প্রত্যাবর্তন ভারতের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর যেন নতুন রূপে ফিরল টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৫ রানে জিতে ৩-০ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিল সফরকারীরা।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। বৈভব সূর্যবংশীর ৮১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তোলে ভারত। ইশান কিশান, শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিংও ব্যাট হাতে অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানেই থেমে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রায়ান বার্ল। আর কোনো ব্যাটসম্যানই সেভাবে জ্বলে উঠতে পারেননি। বল হাতে ভারতের হয়ে নজর কাড়েন মায়াঙ্ক যাদব। তিনি ৩ উইকেট নেন। ২ উইকেট পান যশ ঠাকুর। জিম্বাবুয়ের বোলাররাও এদিন নিষ্প্রভ ছিলেন। তবে দূরন্ত পারফরম্যান্সে ম্যাচ ও সিরিজ সেরা বৈভব সূর্যবংশী।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৯৫/৫ (২০ ওভার)
জিম্বাবুয়ে: ১৫৭/৭ (২০ ওভার)
ফলাফলঃ ভারত ৩৫ রানে জয়ী, সিরিজ ৩-০




















































































































