আইফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, কুলতলি:
আইফোন কিনে না দেওয়ায় অভিমানেই আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্র। কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সানকিজান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত কিশোরের নাম দীপাঞ্জন দাস (১৭)। সে নিমপীঠ বিদ্যাভবনের নবম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে প্রায় ৩২ হাজার টাকা খরচ করে পরিযায়ী শ্রমিক বাবা ভাস্কর দাস ছেলেকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন। কিন্তু জন্মদিনে দীপাঞ্জন আবারও আইফোনের দাবি জানায়। পরিবারের পক্ষে সেই দামি ফোন কেনা সম্ভব না হওয়ায় তারা অস্বীকার করেন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে কিশোরটি। পরিবারের অভিযোগ, কয়েকদিন ধরে সে খাবারও ঠিকমতো খাচ্ছিল না।
সোমবার বিকেলে দিদির বাড়িতে দীর্ঘক্ষণ দেখা না মিললে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা। দ্রুত স্থানীয় জয়নগর-কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ রাতেই দেহ উদ্ধার করে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিশোর ছাত্রের এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।



























































































































