এসআইআর: ৮০ হাজার বুথে ১৫ লক্ষ কর্মী নামাচ্ছে তৃণমূল

নতুন পয়গাম, কলকাতা:
কাল মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ক্ষেত্রসমীক্ষায় নামছেন বিএলও-রা। নির্বাচনের কমিশনের নির্দেশে এটাই এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ। তাই বিহারের তিক্ত অভিজ্ঞতা থেকে এরাজ্যেও যাতে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটারা তালিকা থেকে বাদ দিতে না পারে, সেজন্য তৃণমূল কংগ্রেসের তরফে বিএলও-দের সর্বক্ষণের ছায়াসঙ্গী থাকতে বলা হয়েছে দলীয় কর্মীদের। এবার এসআইআর মোকাবিলায় রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে ১৫ লক্ষ কর্মীকে নামাচ্ছে শাসক দল।

উল্লেখ্য, ৮১ হাজার বুথেই একজন করে বিএলএ নিয়োগ করেছে কমিশন। তাদের কাজকর্ম পরখ করতে প্রত্যেক বুথে ১০-১৫ জন করে কর্মীকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশিকা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এরা বিএলএদের সহযোগিতার পাশাপাশি বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায়, সে ব্যাপারেও তীক্ষ্ণ নজর রাখবেন। এই লক্ষ্যে রাজ্যজুড়ে ৬ হাজার ২০০টি ক্যাম্প বা শিবির হচ্ছে। এখানে হোলটাইমার হিসেবে কাজ করবেন তৃণমূলের কর্মীরা। পাশাপাশি বিধানসভা আসনভিত্তিক ওয়ার রুম তৈরি হচ্ছে। সেখানে প্রহরী হিসেবে যুক্ত হবেন প্রায় ১৫ লক্ষ তৃণমূল কর্মী।
এই পুরো বিষয় মনিটরিং বা নজরদারি করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সবদিক পর্যবেক্ষণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দিচ্ছে আইপ্যাক।






















































































































