নিহত নরেন্দ্রনাথের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর

উমার ফারুক, নতুন পয়গাম, মালদা :
হরিশচন্দ্রপুরের শোকবাতাসে রাজনৈতিক ও মানবিক বার্তা নিয়ে বুধবার নিহত শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহার পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সমবেদনা জানান ও কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত কনুয়া ভবানীপুরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান হরিশচন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও পেশায় আইনজীবী নরেন্দ্রনাথ সাহা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে স্থানীয় বন্ধুদের সঙ্গে চা পান করার সময় একটি যাত্রীবাহী ছোট গাড়ি হঠাৎ তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
তবে পরিবারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়—পরিকল্পিত খুন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিন নিহতের বাড়িতে গিয়ে মৌসম বেনজির নুর বলেন,
“হরিশচন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও আইনজীবী নরেন্দ্রনাথ সাহার অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। তাঁরা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি—ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের পাশে রাজ্য সরকার ও তিনি ব্যক্তিগতভাবে সবধরনের সহযোগিতা করবেন।
স্থানীয় মহলে এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও পরিচিত মহলে নরেন্দ্রনাথ সাহা ছিলেন শান্ত, পরিশ্রমী ও জনমুখী এক জনপ্রতিনিধি। তাঁর হঠাৎ মৃত্যুতে শোকের আবহে স্তব্ধ হরিশচন্দ্রপুর।



















































































































