‘প্রশ্ন করাই গণতন্ত্র’, মোদীকে মমতা

নতুন পয়গাম, কলকাতা, ২৪ এপ্রিল: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মন্তব্যের জবাবে শুক্রবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বারুইপুরের এক নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, এক সময়ের সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বর্তমানে নৈরাজ্যে জড়িয়ে পড়েছে এবং রাজ্য সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ।
পাল্টা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দেন, ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ গণতন্ত্রেরই বহিঃপ্রকাশ। তিনি প্রশ্ন তোলেন, “প্রশ্ন করাকে কীভাবে নৈরাজ্য বলা যায়?” একই সঙ্গে তিনি যাদবপুরের একাডেমিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠান বহু বছর ধরে দেশের সেরাদের মধ্যে রয়েছে। কেন্দ্র সরকারই সেই সম্মান দিয়েছে।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যাগুলি এড়িয়ে গিয়ে নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করা ঠিক নয়। তাঁর কথায়, শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকারই প্রকৃত শিক্ষার পরিচয়। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপান-উতোর শুরু হয়েছে। একদিকে কেন্দ্রের সমালোচনা, অন্যদিকে রাজ্যের পাল্টা অবস্থান সব মিলিয়ে নির্বাচনী আবহে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।






















































































































