আজ পাঠচক্রের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট

নতুন পয়গাম, নৈহাটি :
এবারের সিএফএলে এখনও পর্যন্ত ব্যর্থদের তালিকায় মোহনবাগান। জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি মোহনবাগান। সুপার সিক্সের আশা খুবই ক্ষীন। কাস্টমসের কাছে হেরে সুপার সিক্সে যাওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে।
যদিও সব ভুলে জয়কেই পাখির চোখ করছেন মোহন কোচ ডেগি কার্ডেজো। এবার মোহনবাগানের প্রতিপক্ষ পাঠচক্র। যারা পয়েন্ট টেবিলে এক ধাপ উপরে। তবে তাদেরও সুপার সিক্সের আশা কম। তবে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানটি ধরে রেখেছে পাঠচক্র। ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট তারা ৯ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে ১৪ পয়েন্ট নিয়ে। তাদের কাছে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। সিএফএলে বিগত আসরের দিকে তাকালে দেখা যাবে সবকটা ম্যাচেই এগিয়ে আছে মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও এবারের পরিস্থিতি একটু আলাদা। দুটি দলই চাপে, কারণ দুটি দলই এই ম্যাচে খেলতে নামার আগে তারা পরাজয়ের মুখ দেখেছে । দুটি দলই চাইবে এই ম্যাচটি জিতে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখতে। তাই বলা যেতে পারে ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে।
আজ সিএফএলে মোহনবাগান বনাম পাঠচক্র। স্থান-নৈহাটি স্টেডিয়াম। সময়- দুপুর ৩ টে। সরাসরি SSEN অ্যাপে।























































































































