২০২৭-এ ডিজিটাল জনগণনা, বরাদ্দ ১১,৭১৮ কোটি

নতু পয়গাম, নয়াদিল্লি:
২০২৭ সালে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা পরিচালনার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ১১,৭১৮ কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদন করেছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই জনগণনা দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হাউস লিস্টিং ও হাউজিং জনগণনা করা হবে। দ্বিতীয় ধাপ অর্থাৎ জনসংখ্যার গণনা হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। তবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বরফাবৃত অঞ্চলের জন্য বিশেষ পদ্ধতিতে এই গণনা ২০২৬ সালের সেপ্টেম্বরেই সম্পন্ন হবে।
কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান, জনগণনা-২০২৭ হবে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা, যেখানে প্রায় ৩০ লাখ ফিল্ড কর্মীকে যুক্ত করা হবে। এই প্রক্রিয়ায় দেড় কোটিরও বেশি কর্মদিবস তৈরি হবে। প্রযুক্তি ব্যবহারের ফলে তথ্য সরবরাহ অনেক উন্নত ও ব্যবহারকারী-বান্ধব হবে, এবং নীতি নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য মাত্র এক ক্লিকেই পাওয়া যাবে। সরকার একটি ডেডিকেটেড পোর্টাল তৈরি করেছে, যা রিয়েল টাইমে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে। জনসাধারণের জন্য স্ব-গণনার বিকল্পও রাখা হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৭ সালের জনগণনায় জাতিগত গণনাও অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রী নিশ্চিত করেছেন, দেশের সামাজিক বৈচিত্র্য বিবেচনা করে দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনার অংশ হিসেবে ইলেকট্রনিক মাধ্যমে জাতি সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হবে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, এটি বিশ্বের বৃহত্তম তথ্য সংগ্রহের প্রক্রিয়া হতে চলেছে।
























































































































