মাত্র ২৬ সেকেন্ডে মঞ্চ ছাড়লেন নীতীশ

ইস্তাহার প্রকাশেই এনডিএর ছন্নছাড়া দশা প্রকট
নয়াদিল্লি:
বিহারে ভোট ৬ ও ১১ নভেম্বর। বাকি আর মাত্র ৫ দিন। কিন্তু ক্ষমতাসীন এনডিএ জোটে এখনও স্নায়ু যুদ্ধ তুঙ্গে। প্রথম থেকেই প্রার্থী বাছাই, আসন ভাগাভাগি ইত্যাদি নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভীষণ দড়ি টানাটানি ও দর কষাকষি জারি রয়েছে। এমনকী এখনও পর্যন্ত নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা পর্যন্ত করেননি নরেন্দ্র মোদি, অমিত শাহরা। দিল্লি থেকে বিজেপি একতরফা ৭২ প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়ায় ক্ষোভে ফুঁসতে থাকেন নীতীশ। সব মিলিয়ে এখন যখন দুয়ারে ভোট, বাকি মাত্র ১২০ ঘণ্টা, তখন জোটের ইস্তেহার প্রকাশ করা হল মাত্র ২৬ সেকেন্ডে।
এদেশের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত সবথেকে সংক্ষিপ্ততম নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠান ছিল এটা। পাটনায় শুক্রবার সকালে এনডিএর নির্বাচনী ইস্তাহার প্রকাশ মঞ্চে হাজির ছিলেন তাবৎ জোট শরিকের শীর্ষ নেতারা। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, চিরাগ পাসোয়ান, উপেন্দ্র কুশওয়া, জিতনরাম মাঝি এবং সর্বোপরি মধ্যমণি নীতীশ কুমার। একসঙ্গে ইস্তাহারের পুস্তিকা হাতে ধরে ফোটোসেশনও হয়। এভাবেই এনডিএ জোটের ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু ঐক্য দূরঅস্ত! বরং দূরত্বের আভাস উস্কে দিয়েই মাত্র ২৬ সেকেন্ডের মধ্যে মঞ্চ থেকে নেমে গেলেন নীতীশ।

এমতাবস্থায় কিছুটা হতবাক বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ অন্য নেতারাও বাধ্য হয়ে তাঁকে অনুসরণ করলেন। হতচকিত মিডিয়া এবং উল্লসিত বিরোধী দলগুলি। ড্যামেজ কন্ট্রোল বা পরিস্থিতি সামাল দিতে তখন মঞ্চে একা কুম্ভ রক্ষা করছেন উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী! কিন্তু ততক্ষণে যা ড্যামেজ হওয়ার হয়ে গিয়েছে। কারণ, নীতীশ কুমার সাফ বলেছেন, তিনি সন্তুষ্ট নন।






















































































































