কিসসা কুরসি কা: নীতীশে নীরব মোদি-শাহ তেজস্বীর তেজ বাড়াল মহাজোট

নতুন পয়গাম, পাটনা ও নয়াদিল্লি:
বিহারে প্রথম দফা ভোটের বাকি মাত্র ১২ দিন। এখনও ঘর গুছিয়েই উঠতে পারল না ক্ষমতাসীন এনডিএ জোট। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে এখনও কোন্দল তুঙ্গে। এদিকে কংগ্রেস-আরজেডি তথা মহাজোট ইন্ডিয়া-র তরফে লালু-পুত্র তেজস্বী যাদবের নামে সিলমোহর দিয়েছে। স্বভাবতই ব্যাকফুটে এনডিএ শিবির। তবুও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরতে নারাজ মোদি-শাহরা।
গত সপ্তাহে নীতীশের সঙ্গে বৈঠক করে বেরিয়েই এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে বিজেপি তথা কেন্দ্র সরকারের সেকেন্ড ইন কমান্ড তথা এনডিএ-র চানক্য অমিত শাহ বলেন, বিধায়করাই ঠিক করবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। এতে গুসসা বাড়ে পীঠাসিন মুখ্যমন্ত্রী নীতীশের। শুক্রবার বিহারে প্রচারে গিয়ে এনডিএ-র জয় নিশ্চিত দাবি করলেও নীতীশ কুমারই কি ফের মুখ্যমন্ত্রী হবেন, সে ব্যাপারে মোদি চুপ থাকেন।
এই সুযোগ লুফে নিয়ে তেজস্বী যাদব ক্ষমতাসীন শিবিরে ফাটল বাড়াতে উসকে দিয়ে বলেন, এনডিএ এবার আর জিতবেই না। সব সমীক্ষা তাই বলছে। তবুও এসআইআর করে চুরি করে জিতলেও নীতীশ আর মুখ্যমন্ত্রী হবেন না, এটা স্পষ্ট। একদা ভোটকুশলী, অধুনা জন সুরাজ পার্টির শীর্ষ নেতা পি.কে কদিন আগেই বলেছেন, নীতীশ তথা এনডিএ এবার হারবে, এটা একশ শতাংশ নিশ্চিত।
শুক্রবার বিহারে ৪৫ মিনিট বক্তৃতা দেন মোদি। তাঁর আত্মবিশ্বাসী ঘোষণা, নীতীশের নেতৃত্বে এনডিএ এবার বিহারের ভোটে লড়ছে এবং বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় ফিরবে। সরকারও গড়বে তারাই। বিহারের স্বপ্ন পূরণ হবে। শুনে রাখুন, এটা মোদির গ্যারান্টি। কিন্তু ভোটের পর কি নীতীশই মুখ্যমন্ত্রী হবেন? এ প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান প্রধানমন্ত্রী।























































































































