তৃণমূলের মধ্যেই বিজেপি রয়েছে” — বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য রাজ্য নেত্রী প্রিয়দর্শিনী ঘোষের

সঞ্জয় মণ্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে জাঁকজমকপূর্ণভাবে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ — দীপাবলীর আগেই সব ব্লকে এই কর্মসূচি সম্পন্ন করতে হবে।
সোমবার বাঁকুড়া সাংগঠনিক জেলার গঙ্গাজলঘাটি ২ নম্বর ব্লকের দুর্লভপুরে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের প্রধান বক্তা ছিলেন রাজ্য যুব নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। তাঁর বক্তব্যেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। প্রিয়দর্শিনী সরাসরি বলেন,
“দলের ভেতরেই ঘরশত্রু বিভীষণরা রয়েছে। এদের চিহ্নিত করে বের করতে হবে। সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে, সেই ভূতগুলোকে বার করতে হবে।”
নেত্রীর এই মন্তব্যে উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে, করতালির মাধ্যমে তাঁরা বক্তব্যের প্রতি সমর্থন জানান।
বিজয়া সম্মেলনের আয়োজনে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়, সাংসদ অরূপ চক্রবর্তী, আইএনটিটিইউসির জেলা সভাপতি রথীন ব্যানার্জি, দেবদাস বাজপাই, নিমাই মাজি সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লক সভাপতি জিতেন গড়াই।
প্রিয়দর্শিনী ঘোষ আরও বলেন,
“দলের প্রতিটি নেতা-কর্মীকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের ভুলত্রুটি সংশোধন করতে হবে। বিজেপির হয়ে যারা ভিতর থেকে কাজ করছে, তাদের দল থেকে বার করে দিতে হবে।”
তিনি ২০২১ সালে হারানো শালতোড়া বিধানসভা আসন পুনর্দখলের লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান —
“মানুষ এখনও তৃণমূলের সাথেই আছে, শুধু নিজেদের ঐক্য ফিরিয়ে আনলেই জয় আমাদের হবেই।”
প্রিয়দর্শিনীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের কণ্ঠেও।
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগে আইএনটিটিইউসির সভাপতি রথীন ব্যানার্জি মন্তব্য করেছিলেন,
“দলের মধ্যে থাকা বিভীষণদের তালিকা প্রস্তুত। তাঁরা যদি নিজেদের না বদলান, দল কঠোর পদক্ষেপ নেবে।”
বিজেপির পক্ষ থেকে অবশ্য পাল্টা দাবি, “মানুষ এখন বিজেপির সাথেই রয়েছে এবং ২০২৬ সালের বিধানসভায় আরও বড় ব্যবধানে জয়লাভ করবে।”
তবে রাজনীতির পর্যবেক্ষকদের মতে, এই বিজয়া সম্মেলন তৃণমূল কংগ্রেসের জন্য শুধু উৎসব নয় — ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়।













































































































































