প্রয়াত মোস্তাক হোসেনের বড় ভাই

নতুন পয়গাম:
দেশ ও জাতির মহান গৌরব ‘পতাকা শিল্পগোষ্ঠি’র কর্ণধার বিশিষ্ট শিক্ষাব্রতী, উদ্যোগপতি আলহাজ্জ মোস্তাক হোসেন সাহেব এবং অরঙ্গাবাদ কেবল সার্ভিস সেন্টার ও G.D Charitable Society-র কর্ণধার আলহাজ্জ আবুল কালাম সাহেবের বড় ভাই আলহাজ্জ দাউদ হোসেন সাহেব মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে পরপারে পাড়ি দিয়েছেন। মরহুমের জানাযার স্বলাত অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকায় অরঙ্গাবাদ কবরস্থানে।
সপ্তাহব্যাপী কলকাতার জি.ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত দেড়টা নাগাদ তাঁর ইন্তিকাল হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। দাউদ হোসেন সাহেব রেখে গেলেন ৪ পুত্র, ৩ কন্যা, স্ত্রী এবং অগণীত গুণগ্রাহী। তিনি জীবনের দীর্ঘ সময় ইসলামের দাওয়াত, দ্বীনের খিদমত ও তাবলীগের কাজে নিজেকে আন্তরিকভাবে নিয়োজিত রেখেছিলেন। অত্যন্ত সরলমনা, সজ্জন, নম্র-ভদ্র-বিনয়ী ও উদার স্বভাবের মানুষ ছিলেন।
তিনি বলতেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন একটি ধোঁকা বা প্রতারণা মাত্র। এই দুনিয়ায় আমরা অল্প কিছুদিনের মুসাফির হিসেবে এসেছি। আল্লাহর ডাক এলেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহ ছাড়া মানুষের প্রকৃত বন্ধু বা সাহায্যকারী কেউ নেই। অতএব তাঁকেই আঁকড়ে ধরার পরামর্শ বা উপদেশ সকলকে দিতেন। মসজিদে ইমামতির পাশাপাশি পথভোলা মানুষদেরকে আল্লাহ-মুখী ও ইবাদাত-মুখী করতে তিনি জীবনভর সচেষ্ট ছিলেন। দ্বীনের প্রচার-প্রসার ও খিদমতে তিনি নিষ্ঠার সঙ্গে সর্বাত্মক প্রয়াস চালাতেন।
হে মহান আল্লাহ রাব্বুল আলামীন, তাঁর গুনাহখাতা মাফ করে নেক আমলসমূহ কবুল করে তাঁর রূহের মাগফিরাত দান করুন। তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং সর্বোপরি তাঁকে জান্নাতের সুউচ্চ মাকামের মেহমান বানিয়ে নিন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার পরিজন ও নিকটাত্মীয়দেরকে সবুরে জামিল দান করুন।




























































































































