পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের

আব্দুল রাহাজ-নৈহাটি:
পিয়ারলেস এসসি-২ (সুরজিত নায়ক, তুষার হেমব্রম)।
মহামেডান স্পোর্টিং ক্লাব-০।
ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে এবারের আসরের সুপার সিক্সের ছয় দল নিশ্চিত হয়ে গিয়েছে। তবুও বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে তিন প্রধানের অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে নামে পিয়ারলেস এসসির বিপক্ষে।
যেখানে শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করে। শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় সাদা-কালো ব্রিগেড। অন্যদিকে ছাড়ার পাত্র ছিল না পিয়ারলেসও। পরপর তিন ম্যাচে জয় পেয়ে তাদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। সুপার সিক্সে যাওয়ার পথ বন্ধ হলেও এদিনের ম্যাচে তাদের লড়াই ছিল দেখার মতো। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও মহামেডান গোলের দরজা খুলতে পারেনি। এরপর একেবারে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সুরজিত নায়ক দুর্দান্ত গোল করে এগিয়ে দেন জয়ের ছন্দে থাকা পিয়ারলেসকে। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মহামেডান। বারবার আক্রমণ চালিয়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে সাদা-কালো ব্রিগেড। পিছিয়ে ছিল না পিয়ারলেসও। তারাও গোল সংখ্যা বাড়ানোর জন্য আক্রমণ চালাতে থাকে। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় তুষার হেমব্রম হেডে দুর্দান্ত গোল করে এদিনের ম্যাচে জয়ের পথ প্রশস্ত করেন পিয়ারলেসের। অন্যদিকে পিছিয়ে পড়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলেও ফারদিন আলি মোল্লারা গোল করতে পারেননি। শেষ পর্যন্ত পিয়ারলেস এসসি টানা চারটি ম্যাচে জয় পেয়ে জয়ের ছন্দে থেকেই শেষ করল এবারের কলকাতা লিগের যাত্রা। অন্যদিকে এই ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও সাদা-কালো ব্রিগেড পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার সিক্সে যাওয়া নিশ্চিত করেছে।





















































































































