NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায়

মোফাক হোসেন, ফারাক্কা: NEET-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ ফারাক্কা ব্লকের কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে এক বিশেষ অনুষ্ঠান হয়ে গেল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ফারাক্কা ইউনিট আয়োজনে। কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করা এবং তাঁদের সাফল্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ কুমার মুখোপাধ্যায়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ইসমাইল সেখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাধিপতি উম্মে তুমিমা, অরুণময় দাস, মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবী লুৎফল হক, দীপ্রজিত ভকত, বিশিষ্ট আইনজীবী রবিউল আলম, সৌমিত্র মুখার্জি, মাকসুদ রানা সহ এলাকার আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে NEET-২০২৬-এ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা। একইসঙ্গে ভবিষ্যতে চিকিৎসাক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
বক্তা রবিউল আলম বলেন, প্রত্যন্ত এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের সাফল্য শুধু তাঁদের পরিবারকেই গর্বিত করে না, গোটা এলাকার জন্যই তা অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এই ধরনের সংবর্ধনা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের আরও ভালো ফল করার ক্ষেত্রে উৎসাহ জোগাবে।
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ফারাক্কা ইউনিটের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অভিভাবক ও শিক্ষানুরাগীরাও। কৃতী ছাত্রছাত্রীদের সাফল্য উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।



















































































































