জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল

দৈনিক জনকন্ঠ, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জাতীয় সংগীত অবমাননার অভিযোগের প্রতিবাদে সোমবার বিকালে জয়নগর পৌরশহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করলো ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। জয়নগর যুব মোর্চার তিন নং মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপির বহু কর্মী-সমর্থক অংশ নেন।এদিন বিকালে জয়নগর থানার মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি রথতলা, স্টেশন মোড় কাঁসারি পাড়া, মুখার্জি পাড়া হয়ে মিত্রপাড়া এলাকা পরিক্রমা করে ফের জয়নগর থানার মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে জাতীয় সংগীতের মর্যাদা রক্ষার দাবি জানিয়ে স্লোগান দেন বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। বিজেপির অভিযোগ, কংগ্রেসের তরফে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে।সেই ঘটনার প্রতিবাদেই এদিনের এই কর্মসূচি বলে দলীয় নেতৃত্বের দাবি।মিছিলকে কেন্দ্র করে জয়নগর পৌর শহরে রাজনৈতিক উত্তাপও লক্ষ্য করা যায়।অন্যদিকে, বিজেপি যুব মোর্চার ১ নম্বর মণ্ডলের উদ্যোগে দক্ষিণ বারাশত মগরাহাট মোড়েও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানেও জাতীয় সংগীত অবমাননার অভিযোগের প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বিজেপির বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।আর এই ঘটনাকে কেন্দ্র করে জয়নগর ও দক্ষিণ বারাশত এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।





















































































































