বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু

দৈনিক জনকণ্ঠ ডেস্ক: পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের জমজমাট আসরের পর্দা নেমেছে। রোমাঞ্চ, অঘটন ও চরম নাটকীয়তায় ভরা ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। চার বছর অপেক্ষার পর প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই প্রায় দেড় মাসের ফুটবল মহাযজ্ঞ শেষ হতেই ফুটবলপ্রেমীদের নজর এখন ঘুরছে ক্লাব ফুটবলের দিকে। বিশ্বকাপের আবহ শেষ হতে না হতেই আগামী আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ২০২৬-২৭ নতুন মৌসুম। আন্তর্জাতিক মহারণের অধ্যায় শেষ হলেও তারকাদের বিশ্রামের সুযোগ নেই; বিশ্বকাপের রঙ গায়ে মেখেই প্রিয় তারকাদের নিজ নিজ ক্লাবের জার্সিতে দেখতে মুখিয়ে আছেন সমর্থকেরা।
ইউরোপের ফুটবলে সবার আগে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা। আগামী ১৫ আগস্ট আলাভেস ও গেতাফের উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুমের লড়াই। এর ঠিক এক সপ্তাহ পর, ২২ আগস্ট একই দিনে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি আ। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল নিজেদের মাঠে মুখোমুখি হবে কভেন্ট্রি সিটির। একই দিনে ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্সেই স্বাগত জানাবে স্ত্রাসবুর্গকে। অন্যদিকে, সিরি আ-র মাঠে গড়ানো লড়াইয়ে উদিনেসে খেলবে কোমোর বিপক্ষে এবং বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান মুখোমুখি হবে মোঞ্জার।
সবশেষে আগামী ২৯ আগস্ট পর্দা উঠবে জার্মান বুন্দেসলিগার। উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে স্টুটগার্টকে আতিথ্য দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে।




















































































































