সুন্দরবনের লোকালয়ে ‘দানব’ কুমিরের আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, সুন্দরবন:
বাঘের আতঙ্ক কাটতে না কাটতেই এবার সুন্দরবনের লোকালয়ে নতুন করে আতঙ্ক ছড়াল বিশাল আকৃতির কুমির। ফলে জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের কে-প্লট এলাকার হাজার বিঘের বাসিন্দারা।
সাধারণত নদীর চরে কুমির দেখা যাওয়া সুন্দরবনের পর্যটকদের কাছে এক মনোরম দৃশ্য হলেও, গ্রামসংলগ্ন এলাকায় কুমিরের উপস্থিতি স্থানীয় মানুষের কাছে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাথরপ্রতিমার কে-প্লট এলাকার হাজার বিঘেতে এর আগে বাঘের অনুপ্রবেশে গ্রামবাসীরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই আতঙ্ক কাটতে না কাটতেই এবার কুমিরের দেখা মেলায় উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শীতকালে কুমির সাধারণত রোদ পোহানোর জন্য নদীর চরে উঠে আসে। তবে সম্প্রতি এই এলাকাতেই বাঘের উপস্থিতির ঘটনা ঘটেছিল। ফলে নতুন করে কুমির লোকালয়ে চলে আসায় সবাই আরও বেশি সতর্ক হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার সকালে কুমিরটি দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই ভিড় জমিয়ে সেই দৃশ্য প্রত্যক্ষ করেন এবং মোবাইল ক্যামেরায় তা ধারণ করেন। স্থানীয় বাসিন্দা সঞ্জীব দলপতি ও মৃন্ময় সামন্তও কুমিরের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করেছেন বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ বাড়লেও, সুন্দরবনে আসা পর্যটকদের কাছে এই খবর আনন্দের হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। কারণ, কুমির যদি লোকালয় সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করে, তবে নৌকা থেকেই সেই দৃশ্য দেখার সুযোগ তৈরি হতে পারে। তবে গ্রামবাসীদের মন থেকে এখনও বাঘের আতঙ্ক কাটেনি। তার উপর নতুন করে কুমিরের উপস্থিতি তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি বন দপ্তর ও প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে। যদিও এই ঘটনায় বন দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।































































































































